ভিডিও

স্কুল ছাত্রীদের নিয়ে সাইবার নিরাপত্তা ও নারী সুরক্ষা সচেতনতা কর্মসূচি রানীগঞ্জ থানার

নির্ভীক বাংলা,রানীগঞ্জ: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার উদ্যোগে বুধবার বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠে স্কুল ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সাইবার প্রতারণা, মহিলাদের নিরাপত্তা, যৌন হেনস্তা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা, বল্লভপুর ফাঁড়ির আইসি পার্থ চক্রবর্তী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু রায়।
পুলিশ আধিকারিকরা ছাত্রীদের সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ না করা এবং কোনও ধরনের প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত পরিবারের সদস্য, বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
মহিলাদের নিরাপত্তা, যৌন হেনস্তার বিরুদ্ধে সচেতনতা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়েও ছাত্রীদের অবহিত করা হয়। কোনও অস্বস্তিকর বা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে ভয় না পেয়ে দ্রুত সাহায্য নেওয়ার বার্তাও দেন পুলিশ আধিকারিকরা।
এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। তাঁদের মতে, বর্তমান সময়ে পড়ুয়াদের সাইবার নিরাপত্তা, নারী সুরক্ষা এবং সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। উদ্যোগটির জন্য রানীগঞ্জ থানাকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর