ভিডিও

সাকশন-জেট মেশিনে আসানসোল শহর পরিষ্কারের উদ্যোগ পুরনিগমের, জল চুরিতে এফআইআরের হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের

নির্ভীক বাংলা , আসানসোল: আসানসোল শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে অত্যাধুনিক সাকশন-জেট ক্লিনিং মেশিন চালু করল আসানসোল পুরনিগম। বুধবার বিকেলে আসানসোল পুরনিগমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ মেশিনের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী জানান, পুরনিগমের কমিশনার, সচিব ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এদিন আনুষ্ঠানিকভাবে মেশিনটির ব্যবহার শুরু করা হয়। জেট ও সাকশন প্রযুক্তির সাহায্যে রাস্তার ধারে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করা হবে। এর ফলে শহরের রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে সুবিধা হবে বলে আশা পুর প্রশাসনের।
অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল শহরের পাশাপাশি পুর এলাকার যেসব স্থানে বেশি ময়লা জমে, সেখানেও এই মেশিন ব্যবহার করা হবে। আপাতত একটি মেশিন দিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতে আরও এমন মেশিন আনার পরিকল্পনা রয়েছে। শহরের প্রধান সড়ক, বাজার এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হবে।
মন্ত্রী আরও বলেন, শহরকে পরিষ্কার রাখতে পুর প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষ যত বেশি সচেতন হবেন, শহরকে পরিচ্ছন্ন রাখা তত সহজ হবে।
এদিন জল চুরির অভিযোগ নিয়েও কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, মূল জল সরবরাহ লাইনে অবৈধ সংযোগ নেওয়া, পাইপ ফুটো করে জল চুরি করা অথবা মোটর বসিয়ে এলাকার জল ব্যক্তিগতভাবে বাড়িতে তুলে নেওয়ার মতো অভিযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এফআইআর দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সমস্ত নাগরিকের জন্য সমানভাবে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাই নাগরিকদের নিয়ম মেনে চলার পাশাপাশি জল অপচয় ও অবৈধভাবে জল ব্যবহারের মতো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর