নির্ভীক বাংলা,লাউদোহা: সন্ত্রাস, প্রতারণা ও প্রভাব খাটানোর অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায়। ধৃতের নাম শেখ ওয়াসুল। তিনি রাঙামাটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। পাশাপাশি ভয় দেখিয়ে প্রভাব বিস্তার ও এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এছাড়াও বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার অভিযোগও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এলাকায় উত্তেজনা ছড়ালে বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের দ্বারস্থ হন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক এলাকা থেকে তৃণমূলের বহু নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





