নির্ভীক বাংলা,শীতলপুর, নিজস্ব সংবাদদাতা:
শীতলপুর এলাকায় নাবালিকা কিশোরীর সঙ্গে দুষ্কর্মের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (CISF) এক জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শীতলপুর লালবাজার CISF ক্যাম্প সংলগ্ন এলাকায় দুই নাবালিকা কাঁচা আম তুলতে যায়। অভিযোগ, ওই ক্যাম্পে কর্মরত জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা তাদের বেশি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে যান। এরপর এক পাঁচ বছরের শিশুকে বাইরে রেখে প্রায় দশ বছরের এক নাবালিকাকে ভিতরে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও দুষ্কর্মের চেষ্টা করেন বলে অভিযোগ।
অভিযোগ, কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সতর্ক হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত স্কুটিতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা CISF ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভে সামিল হন।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শীতলপুর তিন নম্বর গেটে পথ অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল— অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকতোরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকাদের নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।





