নির্ভীক বাংলা , দুর্গাপুর: বহুল আলোচিত শিল্পা আগরওয়াল হত্যা মামলায় দীর্ঘ আট বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা বিচারক (দ্বিতীয়) প্রশান্ত চৌধুরী অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
ঘটনাটি ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির। দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্টের লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস উদ্ধার করে পুলিশ। সুটকেস খুলে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়। পরে মৃতার পরিচয় জানা যায়, তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা শিল্পা আগরওয়াল (২৮)। তিনি স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখায় ‘ব্যাঙ্ক বন্ধু’ হিসেবে কর্মরত ছিলেন। ওই শাখার ম্যানেজার ছিলেন রাজীব কুমার।
তদন্তে উঠে আসে, ঘটনার কয়েক দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। তদন্তের সূত্র ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, শিল্পা আগরওয়ালকে খুন করার পর তাঁর দেহ ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি একটি সুটকেসে ভরে অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে রাখা হয়।
মামলার শুনানিতে ফরেনসিক রিপোর্ট, পরিস্থিতিগত প্রমাণ এবং ২১ জন সাক্ষীর বয়ান আদালতে পেশ করা হয়। সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আদালত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে।
সরকারি আইনজীবী দেবব্রত সাঁই জানান, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর উপস্থাপিত সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছে। আদালতের এই রায়ে নিহত শিল্পা আগরওয়ালের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।





