ভিডিও

মোবাইলে ডেলিভারি, ঘরে নেই সিলিন্ডার! রানীগঞ্জে HP গ্যাস ঘিরে বিক্ষোভে ফুঁসলেন গ্রাহকেরা

নির্ভীক বাংলা , আসানসোল: মোবাইলে গ্যাস ডেলিভারির মেসেজ এলেও বাস্তবে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল রানীগঞ্জে। বুকিং করা সত্ত্বেও HP গ্যাস সিলিন্ডার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে গ্যাস ডিলারের দোকানের সামনে বিক্ষোভে সামিল হন বহু মানুষ।
গ্রাহকদের অভিযোগ, তাঁদের মোবাইলে গ্যাস ডেলিভারি সম্পন্ন হওয়ার বার্তা দেখাচ্ছে। কিন্তু বাস্তবে তাঁদের বাড়িতে কোনও সিলিন্ডার পৌঁছায়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যদি গ্রাহকের হাতে সিলিন্ডার না পৌঁছায়, তবে সেই গ্যাস গেল কোথায়?
অভিযোগের তির উঠেছে স্থানীয় HP গ্যাস ডিলার মিলন কান্তি মন্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বহু গ্রাহক ভোর চারটে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন গ্যাস নেওয়ার আশায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর দোকানের সামনে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়—“আজ গ্যাস গাড়ি আসেনি, দুঃখিত।” এরপরই দোকান বন্ধ করে দেওয়া হয়।
একদিকে মোবাইলে ডেলিভারির মেসেজ, অন্যদিকে দোকানে বলা হচ্ছে গ্যাস আসেনি—এই গরমিলেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত গ্রাহকদের দাবি, “আমাদের নামে গ্যাস বুকিং হয়েছে, মোবাইলে ডেলিভারির মেসেজও এসেছে, কিন্তু সিলিন্ডার পাইনি। তাহলে গ্যাস গেল কোথায়?”
স্থানীয়দের অভিযোগ, এটি শুধুমাত্র পরিষেবার গাফিলতি নয়, এর পেছনে বড়সড় অনিয়ম থাকতে পারে। রান্নার গ্যাস না পেয়ে দিনের পর দিন সমস্যায় পড়ছেন বহু পরিবার। সেই কারণেই এবার পথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন গ্রাহকেরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাহকদের দাবি, বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং প্রকৃত গ্রাহকদের হাতে দ্রুত তাঁদের বুকিং করা গ্যাস পৌঁছে দিতে হবে।

TAGS

সম্পর্কিত খবর