ভিডিও

বিশ্ব ধরিত্রী দিবসে বর্ধমানে সবুজ উদ্যোগ—ড্রাগন ফলের গাছ, পাখির বাসা ও অঙ্কন প্রতিযোগিতায় বার্তা সংরক্ষণের

নির্ভীক বাংলা,বর্ধমান: বিশ্ব ধরিত্রী দিবস তথা Earth Day উপলক্ষে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনটি সাড়ম্বরে পালিত হল। এ বছরের মূল বার্তা—“আমাদের গ্রহ, আমাদের শক্তি”—কে সামনে রেখে নেওয়া হয় একাধিক পরিবেশবান্ধব উদ্যোগ।
মল্লিকপুকুর বস্তি এলাকায় ঘিঞ্জি পরিবেশ ও মাটির স্বল্পতার কথা মাথায় রেখে ছয়টি প্রান্তিক পরিবারের বাড়িতে বেতের ঝুড়িতে ঝুলন্ত অবস্থায় ড্রাগন ফলের গাছ রোপণ করা হয়। এই বিকল্প চাষ পদ্ধতি যেমন পরিবেশবান্ধব, তেমনি ভবিষ্যতে অর্থকরী ফসল হিসেবেও ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এর পাশাপাশি এলাকাজুড়ে গাছের ডালে মাটির হাঁড়ি বেঁধে পাখির বাসা তৈরি করা হয় এবং বিভিন্ন স্থানে গাছের গোড়ায় জলভর্তি হাঁড়ি বসিয়ে তীব্র গরমে পশুপাখির পানীয় জলের ব্যবস্থাও করা হয়।
শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন স্কুলের গ্রীন ভলেন্টিয়ার্সদের নিয়ে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা। প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যুগ্ম প্রথম স্থান অধিকার করেন বর্ধমান ভারতী বালিকা বিদ্যালয়ের পূজা চৌধুরী ও বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের অর্পিতা দে। দ্বিতীয় হন রামাশিস হিন্দি হাইস্কুলের রুদ্র ভকত এবং তৃতীয় স্থান পান বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের শ্রীময়ী ভুঁই।
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, “এই পৃথিবী আমাদের সকলের। তাই সকলের ভালোভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সেই বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।”

TAGS

সম্পর্কিত খবর