নির্ভীক বাংলা , অন্ডাল: অন্ডাল এলাকায় এক নাবালিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ে করতে অস্বীকার করায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রোহিত মুর্মু (২১)। তার বাড়ি অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারি এলাকায়। বুধবার তাকে আদালতে তোলা হয়।
নির্যাতিতার মা জানান, দীর্ঘদিন ধরে তার মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। এমনকি উভয় পরিবারের মধ্যে আলোচনা হয়েছিল যে, আইনসিদ্ধ বয়সে পৌঁছানোর পর দুজনের বিয়ে দেওয়া হবে।
অভিযোগ, সম্পর্ক চলাকালীন সময়ে দুজনের কিছু ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও অভিযুক্ত যুবক সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর থেকেই যুবক এবং তার পরিবার বিয়ের ব্যাপারে পিছিয়ে আসে। পরবর্তীতে যুবক নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করলে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে।




