নির্ভীক বাংলা আসানসোল:
বারাবনি বিধানসভা কেন্দ্রে রবিবার জোরদার নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। ছুটির দিনেও বিরাম না দিয়ে দিনভর কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।
সকাল থেকেই আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোমদোহা, ধাগুড়ি, কাশিডাঙ্গা ও বৃন্দাবনি এলাকায় পদযাত্রা করেন বিধান উপাধ্যায়। এই সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত শোনেন। এলাকাবাসীর একাংশের উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেলে উত্তরামপুর-জিতপুর পঞ্চায়েতের কল্যানগ্রাম ৫ ও ৬ নম্বর এলাকাতেও প্রচার চালান তিনি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।
এদিন বিধান উপাধ্যায় জানান, তিনি সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন। সেই কারণেই আলাদা করে বড় প্রচারের প্রয়োজন নেই বলে তাঁর মত। তিনি বলেন, প্রার্থী হিসেবে পুনরায় মানুষের আশীর্বাদ নিতেই এই জনসংযোগ কর্মসূচি।
এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং সহ দলীয় কর্মী ও সমর্থকরা। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নমূলক কাজের ভিত্তিতেই এবারের নির্বাচনে সমর্থন পাবে দল।





