ভিডিও

বান্ধবীর বাড়িতে চুরি করে দুবাই পালানোর ছক, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ২০ মে : বান্ধবীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরি করে দুবাই পালানোর ছক ভেস্তে দিল কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকার এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনায় মলানদিঘী ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ।
মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোপী মোদি নামে এক যুবকের সন্ধান মেলে। অভিযুক্ত ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই মহিলার পরিচিত ছিল। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নগদ টাকা, ডলার ও সোনার অলংকার সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালিয়ে যায় সে।
তদন্তে নেমে পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে অভিযুক্ত দুবাই পালানোর চেষ্টা করছে। এরপরই একটি বিশেষ দল কলকাতা বিমানবন্দরে হানা দেয় এবং সেখান থেকেই গোপী মোদিকে গ্রেফতার করা হয়।
ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরার ভিত্তিতে চুরি যাওয়া নগদ টাকা, ডলার ও সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। বুধবার ফের অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে।

TAGS

সম্পর্কিত খবর