ভিডিও

বাঁকুড়ায় তিন দিনের ঝুমুর গানের কর্মশালা শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন লোকশিল্পী

নির্ভীক বাংলা,বাঁকুড়া: লোকসংস্কৃতির ধারাকে আরও শক্তিশালী করতে তিন দিনের ‘ঝুমুর গানের কর্মশালা ও অনুষ্ঠান’-এর সূচনা হল বাঁকুড়া শহরে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া শহরের গান্ধী বিচার পরিষদ সভাকক্ষ-এ।
জানা গেছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা থেকে মোট ১০০ জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মূলত জঙ্গলমহল এলাকার শিল্পীরাই এখানে যোগ দিয়েছেন।
বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদা জানান, সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে এই লোকশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাঁদের আরও দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “জঙ্গলমহলের শিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং লোকসংস্কৃতির সংরক্ষণ—দুটোই আমাদের লক্ষ্য।”
প্রবীণ ঝুমুর শিল্পী প্রহ্লাদ আহির বলেন, বর্তমান সময়ে অপসংস্কৃতির প্রভাব বাড়ছে। সেই প্রেক্ষাপটে সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে ঝুমুর গানের মতো লোকসংস্কৃতির গুরুত্ব অপরিসীম।
বিশিষ্ট ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাতো বলেন, ঝুমুর একটি প্রাচীন লোকসংস্কৃতি, যা প্রান্তিক মানুষের জীবন ও অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। “সবকিছুর মতো ঝুমুরেও আধুনিকতার ছোঁয়া লাগছে। কিন্তু আমরা চাই ঝুমুর তার আদি ও অকৃত্রিম সুরের সঙ্গেই বেঁচে থাক,”—মন্তব্য তাঁর।
শিল্পী প্রশান্ত মাহাতো জানান, এই কর্মশালার মাধ্যমে অনেক নতুন বিষয় শেখার সুযোগ মিলছে। “আমরা যা শিখছি, তা অন্যদেরও শেখাতে পারব। এই কর্মশালায় যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে,”—বলেন তিনি।
লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে এই উদ্যোগকে ঘিরে শিল্পীমহলে উৎসাহ দেখা গেছে।

TAGS

সম্পর্কিত খবর