নির্ভীক বাংলা,আসানসোল, নিজস্ব সংবাদদাতা: বর্ষার সময় সেনরেলে রোডের রেলের পাঁচমুখ টানেলের কাছে জল জমে যাওয়ার সমস্যা সমাধানে তৎপর হল রেল ও রাজ্য প্রশাসন। প্রতি বছর বর্ষাকালে ওই এলাকায় জল জমে যাওয়ায় নিত্যযাত্রী, পথচারী ও যানবাহন চালকদের চরম সমস্যার মুখে পড়তে হয়।
গত সপ্তাহে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক Krishnendu Mukherjee এলাকাটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি রেলওয়ে প্রশাসনের নজরে আনেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে রেলওয়ে প্রশাসনের ইঞ্জিনিয়ার এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা যৌথভাবে পাঁচমুখ টানেল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় টানেলের জলনিকাশি ব্যবস্থা এবং বর্ষার সময় জল জমার কারণ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট আধিকারিকরা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, বর্ষা শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের জলজট সমস্যার হাত থেকে মুক্তি মিলবে এবং যাতায়াত ব্যবস্থা আরও স্বাভাবিক হবে।





