ভিডিও

ফালাকাটায় জমি-বিবাদ ঘিরে উত্তেজনা, উপ-প্রধানের বিরুদ্ধে মহিলাকে চড় মারার অভিযোগ

নির্ভীক বাংলা, আসানসোল :
উত্তরবঙ্গের ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলী এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিকাশ বর্মনের বিরুদ্ধে এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোরঞ্জন সরকার ও সুনীল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই সমস্যা মেটাতে একটি সালিশি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন উপ-প্রধান বিকাশ বর্মন। তবে দুই পক্ষের বচসা ক্রমশ তীব্র আকার ধারণ করলে সভা ভেস্তে যায়।
এরপর মনোরঞ্জন সরকার ফালাকাটা থানা-এ সুনীল সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কয়েক দিন পর রবিবার দুপুরে উপ-প্রধান বিকাশ বর্মন ফের মনোরঞ্জনের বাড়িতে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। সেই সময় সুনীল সরকারের পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের কারণ জানতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগকারী মহিলা মামনি হোর দাবি, তিনি ঘটনাটি মোবাইলে ভিডিও করতে গেলে উপ-প্রধান তার ফোন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেন এবং তাকে চড় মারেন। তিনি প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি কীভাবে একজন মহিলার গায়ে হাত তুলতে পারেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপ-প্রধান বিকাশ বর্মন। তার দাবি, তিনি কাউকে মারেননি এবং তাকে পরিকল্পিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তিনি শুধু মোবাইল সরিয়ে দিয়েছিলেন বলে জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

TAGS

সম্পর্কিত খবর