ভিডিও

পাণ্ডবেশ্বরে পুলিশের মেগা অভিযান, তিন পৃথক ঘটনায় গ্রেফতার ৮

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর: সোমবার রাতে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তিনটি পৃথক ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫ জন জুয়া খেলার অভিযোগে, ২ জন নিষিদ্ধ ঝাড়খণ্ড লটারি বিক্রির অভিযোগে এবং ১ জন চোরাই লোহা পাচারের অভিযোগে আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সোনপুর বাজারি মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি অস্থায়ী দোকান থেকে নিষিদ্ধ ঝাড়খণ্ড লটারির টিকিট বিক্রির অভিযোগে বাজারিগ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী জীবন পাল এবং খোট্টাডিহির বাসিন্দা ২৭ বছর বয়সী অমিত বাউরি ওরফে মাঝিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ লটারির টিকিটও উদ্ধার করা হয়েছে।
একই সময়ে খোট্টাডিহি এরিয়া মোড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ থেকে ১০ টন চোরাই লোহা সহ সেক ইবাদত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি উখড়া ৪ নম্বর পীরতলা এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি লোহা বোঝাই পিকআপ ভ্যান এবং তিনটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
এরপর রাতেই ফুলবাগান দুর্গামন্দির সংলগ্ন এলাকায় একটি জুয়ার আসরে হানা দেয় পুলিশ। সেখান থেকে জুয়ার বোর্ড ও সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা।
মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ ধৃত ৮ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের এই ম্যারাথন অভিযানে এলাকায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা গিয়েছে বলে মনে করছেন বাসিন্দারা। পাণ্ডবেশ্বর থানার এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর