নির্ভীক বাংলা শ্যাম দাস দূর্গাপুর:
দুর্গাপুরের দুর্গাপুর শহরের অন্তর্গত পলাশডিহা এলাকায় খুন হওয়া বছর ৩২-এর গোপাল দাসের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। সিঁথির সিঁদুর এখনো মুছে যায়নি, অথচ স্বামীর নির্মম হত্যার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁর স্ত্রী। কয়েকদিন আগে মা’কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হয় গোপাল দাসকে—এমনটাই অভিযোগ পরিবারের।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পদস্থ কর্তারা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি গোপাল দাসের স্ত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে প্রশ্ন তোলেন, অতীতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে সে বারবার ছাড়া পেয়েছে এবং কারা তাকে মদত দিয়েছে।
অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, পুলিশ যখন তদন্ত করছে, তখন কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভোট রাজনীতি করা হচ্ছে।
গোটা ঘটনাকে ঘিরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পলাশডিহা এলাকায়। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের একটাই দাবি—দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া ব্যবস্থা।





