নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, নৈহাটি:
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নৈহাটিতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বিজেপির তরফে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে একাধিক বার্তা সামনে এসেছে, যেখানে তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ভাবনা ও তাঁর ‘বন্দে মাতরম্’-এর ঐতিহ্য।
বিজেপি নেতৃত্বের দাবি, নৈহাটির মাটির সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্য আজও বাংলার আত্মপরিচয়ের প্রতীক। সেই প্রেক্ষাপটেই দলের প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়-এর মনোনয়ন জমা দেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে।
দলের পক্ষ থেকে প্রচারে বলা হচ্ছে, বাংলায় ন্যায় ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে পরিবর্তন প্রয়োজন এবং সেই পরিবর্তনের জন্য বিজেপি সরকার গঠন জরুরি। পাশাপাশি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘অপশাসন’-এর অভিযোগও তোলা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নৈহাটিতে ঐতিহ্য ও আবেগকে সামনে রেখে ভোটের লড়াইকে আরও তীব্র করার চেষ্টা করছে বিজেপি। মনোনয়ন পর্বের মধ্য দিয়ে সেই লড়াই যে আরও গতি পাবে, তা বলাই যায়।




