নির্ভীক বাংলা,দুর্গাপুর, বৃহস্পতিবার: দুর্গাপুর-এর ইন্দো-আমেরিকা মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাফিক ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। আচমকাই ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়, যার ফলে আটকে পড়ে একাধিক পণ্যবাহী ট্রাক। পরিস্থিতি সামাল দিতে যাত্রীবাহী বাসগুলিকে ঘুরপথে চালানো হয়।
অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তরফে। তাদের দাবি, নরেন্দ্র মোদি-র আসানসোলের জনসভায় যাতে কেউ পৌঁছতে না পারে, সেই উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে আসানসোলগামী লেনে যানজট তৈরি করা হয়েছিল। বিজেপির অভিযোগ, শাসক দলের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, বিজেপি দিশাহীন হয়ে পড়েছে এবং সম্ভাব্য পরাজয় আঁচ করেই এ ধরনের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এদিকে, আসানসোলগামী বিজেপি কর্মীদের বাস যানজটে আটকে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরই বিজেপি কর্মী-সমর্থকরা ট্রাফিক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ ও যানজট চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ইন্দো-আমেরিকা মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোলমুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।




