নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তিনি অভিযোগ করেন, রাজ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি চলছে এবং নদী ও নদীর পাড় ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফুলঝোড় মোড়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, একটি বৈধ ঘাটের আড়ালে বহু অবৈধ ঘাট পরিচালিত হচ্ছে, যা মাফিয়াদের সঙ্গে যোগসাজশে তৃণমূল নেতারাই চালাচ্ছে। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গ টেনেও তিনি অভিযোগ করেন, তৃণমূল নির্বাচনে জিততে বিভিন্ন পক্ষকে প্রভাবিত করার চেষ্টা করছে।
এছাড়া দুর্গাপুরে বেকারত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে বহু যুবক-যুবতী কাজের জন্য বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তিনি।





