দুর্গাপুর : দুর্গাপুর-এর ১৯ নম্বর জাতীয় সড়কের ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন এক চায়ের আড্ডাখানায় ধরা পড়ল ভিন্নধর্মী প্রতিবাদের ছবি। কড়াইতে ফুটছে তেল, তাতে পড়ছে চপ—তবে বিক্রির জন্য নয়, প্রতিবাদের ভাষা হিসেবেই এই আয়োজন।
“ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই”—এই স্লোগানকে সামনে রেখে অভিনব কর্মসূচি নেয় Bharatiya Janata Party-র যুব শাখা Bharatiya Janata Yuva Morcha। শহরে শিল্পহীনতা ও কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে তারা এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদীদের বক্তব্য, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল দুর্গাপুর। কিন্তু বর্তমানে নতুন বিনিয়োগ ও শিল্প স্থাপনের গতি থমকে গেছে। ফলে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এর জেরে বহু যুবক-যুবতী ক্ষুদ্র ব্যবসা বা অস্থায়ী আয়ের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যে বড় শিল্প আসছে না এবং কর্মসংস্থানের ক্ষেত্র সঙ্কুচিত হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার বিভিন্ন ভাতা প্রকল্পের মাধ্যমে সমস্যার সাময়িক সমাধান দেখাতে চাইছে, কিন্তু স্থায়ী সমাধান সম্ভব কেবল শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে।
এই অভিনব কর্মসূচিকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয় এবং পথচলতি মানুষজন কিছুক্ষণ দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করেন।





