নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সিটি সেন্টার সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু সরণি এলাকায় গ্যাস পাইপলাইন ফেটে চাঞ্চল্য ছড়াল। তবে দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল ও আদানি গ্রুপ-এর গ্যাস পাইপলাইন হঠাৎ ফেটে যায়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
গ্যাস পাইপলাইনের ঠিকাদার ফিরোজ খান জানান, দুর্গাপুর পুরসভা-র তরফে জলের পাইপলাইন মেরামতির কাজ চলছিল। সেই সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আঘাত লাগায় পাইপলাইনটি ফেটে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পাশাপাশি দমকল বাহিনী ও পুলিশও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।




