নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ বাসস্ট্যান্ড ও গোপালমাঠ বাজার সংলগ্ন দুর্গাপুর নগর নিগমের একটি কমিউনিটি শৌচালয় ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে তালাবদ্ধ শৌচালয়ের তালা ভেঙে সেটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেন। এরপর দলীয় কর্মীদের ঝাঁটা হাতে শৌচালয় পরিষ্কারের কাজ করতেও দেখা যায়।
বিজেপির অভিযোগ, সরকারি অর্থে নির্মিত ওই কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। ফলে এলাকার সাধারণ মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। দলের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকার কারণে শৌচালয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।
এদিন বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ হাতুড়ি দিয়ে তালা ভেঙে শৌচালয়ের দরজা খুলে দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পরে তিনি ও অন্যান্য বিজেপি কর্মীরা শৌচালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
বিজেপির আরও অভিযোগ, শৌচালয়ের পাশেই অবস্থিত একটি শিশু উদ্যানও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহারের বাইরে ছিল। রবিবার সেই উদ্যানটিও শিশুদের জন্য খুলে দেওয়া হয় বলে দাবি করেছে বিজেপি।
তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, জনসাধারণের জন্য নির্মিত পরিষেবাগুলি দ্রুত চালু রাখা এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।





