সংবাদ:
দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় সোমবার সকালে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় National Investigation Agency (এনআইএ)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলাম জামা নামে ওই ব্যক্তি প্রায় তিন বছর আগে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে নিউ স্টিল পার্ক এলাকার ওই বাড়িতে থাকতেন।
সোমবার সকালেই এনআইএ-র ৬ সদস্যের দুটি দল সেখানে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালান এবং প্রয়োজনীয় নথি ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখেন বলে জানা গেছে।
তবে ঠিক কোন মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে বা তল্লাশির সময় কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এনআইএ-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে সংস্থা মুখ খুলতে নারাজ বলেই সূত্রের দাবি।
এদিকে, সকাল থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।





