নির্ভীক বাংলা শ্যাম দাস:
পাণ্ডবেশ্বর বিধানসভার চন্দ্রডাঙ্গা গ্রামে দুই রাজনৈতিক শিবিরের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে সামনে এল ভিন্ন চিত্র। স্থানীয়দের কথায়, “কোন হে গাব্বার, কোন হে বিরু”—এই মন্তব্যেই দিনের রাজনৈতিক আবহ স্পষ্ট হয়ে ওঠে।
অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জনসংযোগে এলাকায় গেলে বহু বাড়ির দরজা বন্ধ করে দেন বাসিন্দারা। অন্যদিকে, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে উৎসাহ চোখে পড়ে। তাঁর সঙ্গে জনসংযোগে যোগ দেন কয়েকশো মানুষ।
জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “যিনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তিনি তার ফল পেয়েছেন। আমি যতবার এসেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের আমন্ত্রণে সাড়া দিয়েই আজ এখানে এসেছি। বহু মানুষের সমাগম হয়েছে। পুজো দিলাম, সবার সঙ্গে কথা বললাম, অভাব-অভিযোগ শুনলাম। সকলে খুশি।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিধায়ক। অনেকে ব্যক্তিগত সমস্যার কথাও তুলে ধরেন। বিধায়ক আশ্বাস দেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সব মিলিয়ে চন্দ্রডাঙ্গায় দুই রাজনৈতিক দলের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেল, তা আসন্ন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।




