ভিডিও

জাতীয় সড়কে টোটোর বিরুদ্ধে কড়া অভিযান, একের পর এক গাড়ি আটক ও জরিমানা দুর্গাপুর ট্রাফিক পুলিশের

নির্ভীক বাংলা,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: জাতীয় সড়কে টোটোর অনিয়ন্ত্রিত চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু করেছে দুর্গাপুর ট্রাফিক গার্ড। বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে চলে এই কড়া নজরদারি।
অভিযান চলাকালীন জাতীয় সড়কে চলাচলকারী একের পর এক টোটো থামিয়ে নথিপত্র ও নিয়ম মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক টোটো চালকের বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি টোটোও আটক করেছে পুলিশ।
দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে টোটো চালকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে জাতীয় সড়কে টোটো নিয়ে চলাচল করলে আর কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে টোটো বাজেয়াপ্তও করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের দাবি, জাতীয় সড়কে টোটোর অনিয়ন্ত্রিত চলাচল বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই কারণেই যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টোটো চালকদের নির্ধারিত রুটে চলাচল এবং ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আবেদন জানানো হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর