ভিডিও

চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে কুখ্যাত চোর, বড়সড় সাফল্য রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের

নির্ভীক বাংলা,আসানসোল: চুরির অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বিকি বাউরি (২২)। সে রূপনারায়ণপুর এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন রাতে রূপনারায়ণপুরের মহাবীর কলোনির ‘সপ্তশ্রী অ্যাপার্টমেন্ট’-এর বাসিন্দা হারজিৎ সিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনার সময় গৃহকর্তা বাড়ির বাথরুমে স্নান করছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে হারজিৎ সিং রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ এবং অনুসন্ধান চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে রূপনগর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় অভিযুক্ত বিকি বাউরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক একজন পেশাদার চোর। এর আগেও বিভিন্ন এলাকায় একাধিক চুরির মামলায় সে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধমূলক মামলার নথি রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর