ভিডিও

গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ গ্রেফতার, থানার সামনে বিজেপির বিক্ষোভ

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ৪ জুন : গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে গ্রেফতার করল দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। বুধবার রাতে গোগলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এই গ্রেফতারি করা হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, গৌতম ঘোষের গ্রেফতারির পর দুর্গাপুর-ফরিদপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। থানার বাইরে তাঁকে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে।
বিজেপির অভিযোগ, অজয় নদ থেকে অবৈধ বালি উত্তোলন ও পাচার, কয়লা কারবার, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় গৌতম ঘোষের নাম দীর্ঘদিন ধরে উঠে এসেছে। বিরোধী দলের দাবি, এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত চক্রগুলির উপর তাঁর প্রভাব ছিল।
অন্যদিকে, এই অভিযোগগুলির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গৌতম ঘোষ বা তাঁর আইনজীবীর বক্তব্যও এখনও সামনে আসেনি।
ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর