নির্ভীক বাংলা,আসানসোল, ২ জুন: রাজ্য সরকারের গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ত্রিপল নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের আওতায় গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ হওয়া বিপুল পরিমাণ ত্রিপল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের হাতে সেই ত্রিপল পৌঁছে না দিয়ে সেগুলি ব্যক্তিগতভাবে মজুত করে রাখা হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ত্রিপল উদ্ধারের ঘটনাই নয়, কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা আরও একাধিক অভিযোগের তদন্তও শুরু হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে অবৈধ বালি কারবারে জড়িত থাকার অভিযোগ, তোলাবাজি এবং সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ।
পুলিশের দাবি, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। যদিও তদন্ত প্রক্রিয়া চলাকালীন বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ পুলিশ প্রশাসন। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।





