নির্ভীক বাংলা ,বাঁকুড়া, কোতুলপুর:
ভোটের মুখে বাঁকুড়ার কোতুলপুরে এক ৮ বছরের শিশুকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
অভিযোগ, বিজেপির কোতুলপুর ২ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর পন্ডিতের ছেলে বাড়ির বাইরে খেলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ, ফিরোজ মোল্লা শিশুটিকে উদ্দেশ্য করে তার বাবাকে তুলে নিয়ে গিয়ে খুন করার হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটির পরিবার।
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্থানীয়দের দাবি, প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত তাদেরও হুমকি দেয়।
বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ভোটের আগে পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফিরোজ মোল্লা। তার দাবি, বিষয়টি নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে।
তৃণমূল প্রার্থী হরাকালী প্রতিহার জানান, তিনি এই ঘটনার বিষয়ে অবগত নন।
ঘটনাকে কেন্দ্র করে কোতুলপুরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভোটের আগে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।




