নির্ভীক বাংলা,কুলটি, শনিবার:
পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক-এর সমর্থনে জোরদার প্রচার চালালেন সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
শনিবার হুডখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে কুলটির বেজডি, আলডি, মিঠানি ও পাটমোহনা এলাকায় রোডশো করেন তিনি। “দিদি নং ১” খ্যাত এই সাংসদকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ।
রোডশো চলাকালীন রচনা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মাইকে বক্তব্য রাখেন। বহু মানুষকে মোবাইলে তাঁর ছবি তুলতেও দেখা যায়।
তিনি কুলটির ভোটারদের উদ্দেশ্যে আবেদন করেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটককে বিপুল ভোটে জয়ী করতে।
এদিনের জনসমাগম নিয়ে আত্মবিশ্বাসী প্রার্থী অভিজিৎ ঘটক বলেন, “মানুষের এই উপস্থিতি কুলটির মানুষের সমর্থন ও আস্থারই প্রতিফলন। এই সাড়া আগামী দিনের পথ আরও স্পষ্ট করে দিচ্ছে। কুলটির মানুষ পরিবর্তন চাইছেন।”
রোডশো ঘিরে কুলটি জুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।





