ভিডিও

কুলটিতে ফের রেলওয়ের উচ্ছেদ অভিযান, পুনরায় চলল বুলডোজার

নির্ভীক বাংলা,কুলটি: পশ্চিম বর্ধমান জেলার কুলটির ৬৬ নম্বর ওয়ার্ডের বালতোড়িয়া গ্রাম সংলগ্ন রেলওয়ের জমিতে ফের উচ্ছেদ অভিযান চালাল রেলওয়ে প্রশাসন। শনিবার সকালে বুলডোজার নিয়ে অবৈধ দখলমুক্ত করার কাজে নামে প্রশাসন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে স্থানীয় কিছু বাসিন্দা বসবাস ও ঘরবাড়ি নির্মাণ করে আসছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার ওই বাসিন্দাদের জমি খালি করার নোটিস দিলেও তাঁরা সেখানেই অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের আগে কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার রেলওয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে সক্ষম হয়েছিলেন। তবে নির্বাচন পর্ব শেষ হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ পুনরায় অভিযান শুরু করে এবং বুলডোজার দিয়ে একাধিক ঘরবাড়ি ভেঙে দেয়।
এদিকে শুক্রবার সকালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার আবেদন জানানো হয়। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই রেলওয়ে প্রশাসন ফের উচ্ছেদ অভিযান শুরু করে।
শনিবারের এই অভিযানে রেলওয়ে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি রেলওয়ে পুলিশও উপস্থিত ছিল। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উচ্ছেদ হওয়া পরিবারগুলির দাবি, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে রেলওয়ে প্রশাসনের বক্তব্য, সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে নিয়ম মেনেই এই অভিযান চালানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুনর্বাসন ও উচ্ছেদকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

TAGS

সম্পর্কিত খবর