ভিডিও

এরিক লাকড়া খুনের ঘটনায় উত্তাল চিত্তরঞ্জন, থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ

নির্ভীক বাংলা,চিত্তরঞ্জন,:
প্রাক্তন হকি খেলোয়াড় ও রেলকর্মী এরিক লাকড়া হত্যাকাণ্ডের ২৪ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় চিত্তরঞ্জনে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জন থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়-সহ দলের জেলা নেতৃত্ব ও বহু স্থানীয় বাসিন্দা।
বিক্ষোভকে ঘিরে থানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড তৈরি করলেও বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা তা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে দীর্ঘক্ষণ উত্তেজনার পর বিক্ষোভকারীরা তাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি থানার আধিকারিকের হাতে তুলে দেন।
বিক্ষোভ মঞ্চ থেকে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন অরিজিৎ রায়। তিনি বলেন, চিত্তরঞ্জনের মতো একটি সুরক্ষিত শহরে দিনদুপুরে একজন প্রাক্তন জাতীয় স্তরের খেলোয়াড়কে খুন করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের শনাক্ত করার পরেও পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে এবং প্রয়োজনে শহর স্তব্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে চিত্তরঞ্জনে নৃশংসভাবে খুন হন এরিক লাকড়া। এই ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। সিসিটিভি ফুটেজ থাকার পরও গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর