নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল উত্তর থানার আইসি-র নেতৃত্বে কন্যাপুর ফাঁড়ি পুলিশ বাইক চুরির একটি ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার আসানসোলের সেন্ট্রাম মলের সামনে থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কন্যাপুর ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে নুনী এলাকার চুনচুরিয়া গ্রামে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন পুলিশ চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করে। একই সঙ্গে সমিত বাউরি নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। চুরি যাওয়া বাইক দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।




