শ্যাম দাস, নির্ভীক বাংলা, আসানসোল:
আসানসোলের হিরাপুর সার্কেলের বড়তোল প্রাইমারি স্কুলে নিম্নমানের নির্মাণকাজের অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। বিদ্যালয়ের বিদ্যুৎ ও পানীয় জলের স্থায়ী ব্যবস্থা সম্পূর্ণ না করেই ভবনে রংয়ের কাজ শুরু করায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার পক্ষ।
এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যালয়ের মৌলিক পরিকাঠামো—বিশেষত বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের ব্যবস্থা—সম্পূর্ণ না করেই বাহ্যিক সৌন্দর্যায়নের কাজ শুরু করা হয়েছে। তাঁদের দাবি, এই স্কুলে মূলত আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বলেই কি নির্মাণে গাফিলতি করা হচ্ছে? সম্পূর্ণ কাজ শেষ না করে ঠিকাদার সংস্থা সরে যেতে চাইছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
বর্তমানে স্কুল ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় ছাত্রছাত্রীদের এলাকার একটি কমিউনিটি হলে অস্থায়ীভাবে পাঠদান করানো হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী মুখার্জী জানান, “আমি বারবার ঠিকাদারকে সম্পূর্ণ কাজ শেষ করার কথা বলেছি। কিন্তু সে বিষয়ে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। আমরা চাই দ্রুত কাজ শেষ হোক। গ্রামবাসীদের দাবির সঙ্গে আমিও একমত।”
অন্যদিকে স্কুল ইন্সপেক্টর ইনশ্রী মিত্র বলেন, “বিষয়টি প্রধান শিক্ষকের কাছ থেকে জেনেছি। সমস্ত তথ্য নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের একটাই দাবি—অবিলম্বে পূর্ণাঙ্গ ও মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।





