নির্ভীক বাংলা,কুলটি, ২৬ জুন: অমৃত ২.০ প্রকল্পের আওতায় কুলটি বিধানসভা এলাকায় প্রায় ৭.২৩ কোটি টাকা ব্যয়ে একাধিক পানীয় জল সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের লোক নির্মাণ (PWD) ও জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার এই উন্নয়নমূলক প্রকল্পগুলির উদ্বোধন করেন।
প্রকল্পের আওতায় কুলটি কলেজ, কুলটি গার্লস স্কুল, রক্তা, কেন্দুয়াবাজার, সুবাসপাড়া, বরাকর হাসপাতাল, জগতডিহি, চলবলপুর-ফুনুরি, আকওয়ানবাগান, বিরিডাঙ্গাল-করিমডাঙ্গাল-রাঁচি গ্রাম-সহ একাধিক এলাকায় নতুন পানীয় জলের পাইপলাইন স্থাপন করা হবে। পাশাপাশি বরাকর ও রামনগরের পুরনো ক্লিয়ার ওয়াটার রিজার্ভয়ার (CWR)-এর সংস্কার কাজও শুরু হয়েছে।
মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানীয় জল সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে এবং হাজার হাজার বাসিন্দা নিয়মিত বিশুদ্ধ পানীয় জল পাবেন।
তিনি আরও বলেন, রাজ্য সরকার প্রতিটি নাগরিকের কাছে উন্নতমানের পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। অমৃত ২.০ প্রকল্পের অধীনে গৃহীত এই উদ্যোগগুলি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।
কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা বজায় রাখার উপর জোর দিয়ে মন্ত্রী ঠিকাদারদের সময়মতো প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট করা হবে। পাশাপাশি বিভাগীয় প্রকৌশলীদের নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কার্যনির্বাহী ও সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।




