নির্ভীক বাংলা,পশ্চিম বর্ধমান, ৩ জুন: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যজুড়ে এই প্রকল্পের সূচনা হওয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও উপভোক্তাদের হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেওয়া হয়।
আসানসোলে জেলা শাসক দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পন্নামবলম এবং আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তাঁরা কয়েকজন মহিলা উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেন।
জেলা শাসক জানান, জেলায় প্রায় এক লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে প্রাথমিকভাবে প্রায় ৮০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজনকে প্রতীকীভাবে চেক প্রদান করা হলেও বাকি আবেদনপত্রগুলি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। যাচাই সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য উপভোক্তাদেরও অর্থ প্রদান করা হবে।
তিনি আরও জানান, বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। নতুন আবেদনগুলি জমা পড়ার পর প্রশাসনিকভাবে যাচাই করে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।
অন্যদিকে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ১০০ জন উপভোক্তার হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেওয়া হয় এবং তাঁদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে উপভোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন। এদিন উপস্থিত বিধায়করা বলেন, নির্বাচনী সংকল্পপত্রে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর সেগুলি ধাপে ধাপে বাস্তবায়িত করা হচ্ছে।





