নির্ভীক বাংলা,আসানসোল, শুক্রবার: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তরজা তুঙ্গে। রহমত নগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারগিস বানু বিজেপির প্রাক্তন বিধায়িকা অগ্নিমিত্র পাল-এর বিরুদ্ধে মিথ্যা খরচের তালিকা প্রকাশের অভিযোগ তোলেন।
কাউন্সিলর নারগিস বানু দাবি করেন, গত পাঁচ বছরে এলাকায় উন্নয়নের জন্য অগ্নিমিত্র পাল কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেননি। অথচ সম্প্রতি তিনি দাবি করেছেন যে ৮২ নম্বর ওয়ার্ডে ৪৯টি সোলার লাইট বসানো হয়েছে। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন কাউন্সিলর।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগেই হয়েছে এবং বর্তমান কাউন্সিলর হিসেবে সেই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর সোহরাব আলিও একই অভিযোগ তুলে বলেন, অগ্নিমিত্র পালের বিধায়ক থাকাকালীন সময়ে এলাকায় দৃশ্যমান কোনও উন্নয়ন হয়নি। তাঁর দাবি, প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়-এর সময়েই অধিকাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয় এবং বর্তমানে তা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




