নির্ভীক বাংলা,জামুরিয়া:
জামুরিয়া থানার অন্তর্গত মদন তোর গ্রামে আজ সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন যুবক রাস্তার ধারে একটি হায়না দেখতে পান। হঠাৎ বন্যপ্রাণীটি দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি চুরুলিয়া ফাঁড়িতে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পশ্চিমবঙ্গ বনদপ্তর–এর বারাবনি রেঞ্জের আধিকারিকদের খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা একটি বড় আকারের খাঁচা নিয়ে এসে সতর্কতার সঙ্গে হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু গ্রামবাসী হায়নাটিকে দেখতে ভিড় জমান। তবে পুলিশ ও বনদপ্তরের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে গ্রামে হায়না দেখা যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বনদপ্তরের এক আধিকারিক বলেন, বন্যপ্রাণীটি সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল। তাকে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।



