রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। মোট ৭.০৮ কোটি ভোটারকে নিয়ে প্রকাশিত হবে এই তালিকা।
তিনি জানান, চূড়ান্ত তালিকা তিনটি ভাগে বিভক্ত থাকবে—
Approved (অ্যাপ্রুভড): যাদের তথ্য বৈধ ও চূড়ান্তভাবে গৃহীত।
Deleted (ডিলিটেড): যাদের নাম বাদ দেওয়া হয়েছে।
Adjudication (অ্যাডজুডিকেশন): যাদের তথ্য যাচাই প্রক্রিয়া এখনও চলছে।
সিইও স্পষ্ট করে জানান, যেসব ভোটারের নাম ‘Adjudication’ তালিকায় থাকবে, তাঁদের তথ্য যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা ভোট দিতে পারবেন না। যাচাই প্রক্রিয়া শেষ হলে তবেই তাঁদের ভোটাধিকার কার্যকর হবে।
নির্বাচন যত দফায় অনুষ্ঠিত হবে, তত দফায় প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি লিস্ট।
চূড়ান্ত ভোটার তালিকা যেখানে আগে সামারি রিভিশনের তালিকা দেখা যেত, সেখানেই দেখা যাবে। পাশাপাশি ২৮ তারিখ জেলা শাসক (ডিএম) ও বিডিও অফিসেও তালিকা পরিদর্শন করা যাবে। অনলাইনে দেখা যাবে Election Commission of India-র ওয়েবসাইটে— ECINET.COM এবং VOTERSECI.GOV.IN-এ।
পরিসংখ্যান অনুযায়ী—
প্রায় ১ লক্ষ ২০ হাজার ফর্ম ৬ (ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন) গ্রহণ করা হয়েছে।
প্রায় ৬০ হাজার ফর্ম ৬ আবেদন বাতিল হয়েছে।
প্রায় ৩০ হাজার ফর্ম ৭ (নাম বাদের আবেদন) গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটারদের নিজেদের নাম ও তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট অফিস বা অনলাইন পোর্টালে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ।




