সালানপুর: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’-র রেজিস্ট্রেশন ঘিরে দ্বিতীয় দিনেও উপচে পড়ল ভিড়। রূপনারায়ানপুর নান্দনিক হল প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমাতে দেখা যায় অসংখ্য যুবক-যুবতীকে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কর্মসংস্থানের সহায়তায় চালু হওয়া ‘যুব সাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে বহু আবেদনকারী উপস্থিত হন। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং খেতমজুরদের বিভিন্ন সরকারি সুবিধার আবেদন গ্রহণের জন্যও বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পরিষেবা পান, তার জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। ভিড় সামাল দিতে নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়।
ক্যাম্প চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়। আবেদনকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।





