ভিডিও

সালানপুরে এলকুয়েন্ট স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ, কাজ বন্ধে ব্যাহত উৎপাদন


নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যাণেশ্বরী এলাকায় অবস্থিত এলকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার সামনে শুক্রবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কারখানার মূল গেটের পরিবর্তে প্রবেশপথের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রতিবাদে সামিল হন। এর জেরে বহু শ্রমিক কাজে অংশ না নেওয়ায় কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি দেওয়া হয় না বলেও দাবি করেন তারা। পাশাপাশি ৮ ঘণ্টার পরিবর্তে দৈনিক ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে বলেও অভিযোগ তোলেন শ্রমিকরা।
শ্রমিকদের বক্তব্য, এক সপ্তাহ আগেও একই দাবিতে গঙ্গাজল হাতে নিয়ে কারখানার সামনে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। সে সময় কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার জন্য সাত দিনের সময় চেয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।
আন্দোলনের নেতৃত্বে থাকা স্থানীয় নেতা অমর মাহাতো বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিক শোষণ চলেছে। এখন শ্রমিকরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে একজোট হয়েছেন।” তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল।
শ্রমিকদের হুঁশিয়ারি, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TAGS

সম্পর্কিত খবর