নির্ভীক বাংলা,লাউদোহা : জমির বিনিময়ে চাকরির দাবিতে সোমবার বিক্ষোভে ফেটে পড়লেন জমিদাতারা। অভিযোগ, দীর্ঘদিন আগে জমি অধিগ্রহণ করলেও আজও চাকরি দেয়নি Eastern Coalfields Limited। এই দাবিতে এদিন ইসিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারির প্রধান গেট বন্ধ করে পরিবহণ আটকে আন্দোলনে সামিল হন প্রায় ১৪ জন জমিদাতা।
জমিদাতা দিব্যেন্দু চ্যাটার্জী ও নিলেশ সাধুরা জানান, ২০১৮ সালে তাঁদের জমি ইসিএলের নথিভুক্ত হয়। কিন্তু এত বছর কেটে গেলেও জমির বদলে চাকরি মেলেনি। বারবার ইসিএলের বিভিন্ন দপ্তরে আবেদন ও যোগাযোগ করেও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। ফলে আর্থিক সঙ্কটে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ স্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলবে। জমিদাতাদের আন্দোলনের জেরে সোমবার সকাল থেকেই কোলিয়ারির উৎপাদন ও কয়লা পরিবহণ কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
অন্যদিকে কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, বর্তমান ইসিএলের নিয়ম অনুযায়ী জমির বিনিময়ে চাকরি পেতে হলে জমির মিউটেশন প্রয়োজন। যাঁরা এমআইসি কোলিয়ারিতে চাকরির দাবি তুলেছেন, তাঁদের বিষয়টি ইতিমধ্যেই ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে বলেও সূত্রের দাবি।





