ভিডিও

রোগীকে ছুটি না দেওয়ার অভিযোগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভাঙচুর, গ্রেপ্তার একাধিক

নির্ভীক বাংলা,দুর্গাপুর, ৮ জুন: রোগীকে হাসপাতাল থেকে ছুটি না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে রোগীর আত্মীয় ও স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দুর্গাপুরের অমরাবতী কলোনি সংলগ্ন ভ্যাম্বে কলোনির এক বাসিন্দা ওই হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার উন্নতি হওয়া সত্ত্বেও বারবার হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আবেদন জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
এই অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে রোগীর আত্মীয়রা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হাসপাতালের আসবাবপত্র ও অন্যান্য পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নামানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।
এদিকে, ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ওই ফুটেজে ভাঙচুরের কিছু দৃশ্য ধরা পড়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ ইতিমধ্যেই সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
ঘটনার প্রকৃত কারণ, ভাঙচুরে কারা জড়িত এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর