ভিডিও

রানীগঞ্জে তৃণমূলের ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ প্রকাশ, উন্নয়নে ৮ দফা পরিকল্পনা

নির্ভীক বাংলা,রানীগঞ্জ, শুক্রবার:
রানীগঞ্জ বিধানসভার অন্ডালের দিগনালা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডল প্রকাশ করলেন দলের ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। এই কর্মসূচির মাধ্যমে রানীগঞ্জ ও অন্ডাল এলাকার উন্নয়নের লক্ষ্যে ৮ দফা পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।
ঘোষণায় জানানো হয়, রানীগঞ্জে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হবে। সেখানে ফুসফুসজনিত রোগ, ক্যান্সার এবং পেশাগত কারণে হওয়া বিভিন্ন রোগের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে স্কুলগুলিতে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো এবং মেয়েদের জন্য একটি নতুন হিন্দি মাধ্যম স্কুল স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজে নতুন প্রফেশনাল কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।
পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এনএসবি রোডকে কংক্রিট দিয়ে মজবুতভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ডের বোর্ড দই পুকুরের সীমানা নির্ধারণ করে সেটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তা ব্যবহার করতে পারেন।
এছাড়াও অন্ডাল ব্লকে খেলাধুলার প্রসারের জন্য খেলার মাঠ ও স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে রানীগঞ্জে নিয়মিত আবর্জনা পরিষ্কার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকরী ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে।
এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ইশতেহার পাঠ করে শোনানো হয় এবং ‘প্রতিজ্ঞা স্তম্ভ’-এর মাধ্যমে তা জনসাধারণের সামনে তুলে ধরা হয়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর