ভিডিও

রানীগঞ্জে জোড়া চুরির ঘটনায় পুলিশের বড় সাফল্য, গ্রেফতার তিন দাগি অপরাধী

শ্যাম দাস, আসানসোল: রানীগঞ্জের চাঁদ মারিডাঙ্গা ও হলুদ ফ্যাক্টরি রোড এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় বড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজন দাগি অপরাধীকে। ধৃতদের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম রূপো, ৫০ গ্রাম সোনা এবং কয়েক হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে।
রানীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খালি বাড়ির সুযোগ নিয়ে বাঁকুড়া জেলার কেটারডাঙ্গা অঞ্চলের আশ্রমপাড়া এলাকার তিনজন অভিযুক্ত রানীগঞ্জে এসে চুরির ঘটনা ঘটায়। ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামেন রানীগঞ্জ থানার দুই আধিকারিক প্রীতম পাল ও পারভেজ আলম।
তদন্তকারীরা এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেন। প্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তারা অন্ডাল পর্যন্ত পৌঁছে যান। শেষ পর্যন্ত অন্ডাল এলাকায় একটি মালগাড়ির উপর লুকিয়ে থাকা অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম শামীম মন্ডল, তাজ মোহাম্মদ খান এবং রফিক খান। তারা সকলেই বাঁকুড়া জেলার বাসিন্দা এবং সেখানেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে এবং চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর