ভিডিও

রাণীগঞ্জের ওমান জয়েন্টে তৃতীয়, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা

নির্ভীক বাংলা,রাণীগঞ্জ: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের পর শিল্পাঞ্চল গর্বিত হয়েছে রাণীগঞ্জের কৃতী ছাত্র ওমান ভূতের সাফল্যে। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তিনি রাজ্যে তৃতীয় স্থান অর্জন করে নজর কেড়েছেন।
রাণীগঞ্জের শিশুবাগান এলাকার বাসিন্দা ওমানের শিক্ষাজীবনের শুরু হয়েছিল ডিএভি স্কুলে। পরবর্তীতে তিনি দুর্গাপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নেন।
ফল প্রকাশের পর ওমান জানান, এই সাফল্য তাঁর কাছেও কিছুটা অপ্রত্যাশিত। তিনি কখনও ভাবেননি যে জয়েন্টের মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অর্জন করবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও এই সাফল্য তাঁকে বিশেষভাবে আনন্দিত করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ওমান বলেন, তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে কাজ করার স্বপ্ন রয়েছে তাঁর।
ছেলের এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও। ওমানের বাবা বলেন, ছোটবেলা থেকেই ছেলে অত্যন্ত মেধাবী ছিল, তবে জয়েন্টে এত ভালো র‌্যাঙ্ক করবে, তা তাঁরা কল্পনাও করেননি।
অন্যদিকে, মা উমঙ্গ ভূত ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত হলেও তাঁর ইচ্ছা, ওমান ভবিষ্যতে চিকিৎসাবিদ্যা নিয়েও ভাবনা-চিন্তা করুক। তবে ছেলের পছন্দ ও ভবিষ্যৎ লক্ষ্যকে পরিবার সম্পূর্ণ সমর্থন করছে।
ওমানের এই সাফল্য শুধু রাণীগঞ্জ নয়, সমগ্র আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। তাঁর কৃতিত্বে খুশির হাওয়া বইছে এলাকায়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর