ভিডিও

যুব সাথী’ প্রকল্প নিয়ে কড়া সমালোচনা বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের


নির্ভীক বাংলা,কলকাতা/দুর্গাপুর: রাজ্য সরকারের ঘোষিত যুব সাথী প্রকল্পকে কেন্দ্র করে তীব্র সমালোনা করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির পরিবর্তে ভাতার লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
অগ্নিমিত্রা পাল বলেন, প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট–এর পর মুখ্যমন্ত্রী শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় ঘোষণা করেন। কিন্তু বাস্তবে গত পনেরো বছরে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি বলে তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, “শিক্ষিত যুবক-যুবতীদের ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে তারা চাকরির দাবি না তোলে।”
বিধায়িকার আরও অভিযোগ, শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহ দেখালেও শিল্পের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে না। পাশাপাশি ‘যুব সাথী’ প্রকল্পের ফর্ম জমা দেওয়ার পর কোনও প্রাপ্তি স্বীকার বা নথি দেওয়া হচ্ছে না বলেও তিনি প্রশ্ন তোলেন এবং এতে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য সরকার সহযোগিতা করছে না বলেই অভিযোগ।
উল্লেখ্য, রাজ্য সরকার দাবি করেছে ‘যুব সাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করে স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়া হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে এই প্রকল্পের কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তোলা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর