নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল:
আসানসোল পৌরনিগম–এর ১৩ নম্বর ওয়ার্ডের ছুতাডাঙ্গা এলাকায় বিগত পাঁচদিন ধরে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকায় সম্প্রতি কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করেছিলেন বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ। সেই সময় বাসিন্দাদের যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। জল সংকটের জেরে ক্ষুব্ধ এলাকাবাসী বরো চেয়ারম্যান উৎপল সিনহা–র কাছে অভিযোগ জানান। কিন্তু অভিযোগের পরও সমস্যার সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি।
বাসিন্দারা বিষয়টি বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদকে জানালে তিনি প্রথমে উৎপল সিনহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে তিনি সরাসরি বিধান উপাধ্যায়–এর সঙ্গে ফোনে কথা বলেন। প্রায় আধঘণ্টা আলোচনার পর মেয়রের নির্দেশে এক ঘণ্টার মধ্যে এলাকায় পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করা হয় বলে বিজেপি নেতার দাবি।
কৃষ্ণা প্রসাদ আরও অভিযোগ করেন, ১৯ জানুয়ারি ছুতাডাঙ্গায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কর্মী মনোজিৎ হেমব্রোম অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আসানসোল উত্তর থানা–তে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।
তিনি বলেন, “একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়ে অন্যান্য আদিবাসী বাসিন্দাদের জল পরিষেবা বন্ধ করা অন্যায়।” পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মেয়র বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।





