ভিডিও

মাদক বর্জনের বার্তায় শিরাকোল ট্রাফিক গার্ডের উদ্যোগ, উস্তিতে পথযাত্রা ও সাংস্কৃতিক সচেতনতা কর্মসূচি

দক্ষিণ চব্বিশ পরগনা: মাদকাসক্তির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল শিরাকোল ট্রাফিক গার্ড। উস্তি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়ায় বিবেকানন্দ কালচারাল ফোরাম।
উল্লেখ্য, বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে—শিক্ষিত ও সাধারণ মানুষ থেকে শুরু করে কিশোর-যুব সম্প্রদায়ের মধ্যেও—মাদকাসক্তির প্রবণতা বাড়ছে। এর ফলে অল্প বয়সেই নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সচেতনতা ও প্রশাসনিক দৃঢ়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় কর্মসূচিতে।
শিরাকোল ট্রাফিক গার্ডের ওসি তথা বিশিষ্ট পুলিশ কর্তা পারভেজ আলি মন্ডল–এর নেতৃত্বে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পথযাত্রা চলাকালীন মাদকাসক্তির ভয়াবহ প্রভাব সম্পর্কে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিকরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
ওসির আহ্বানে বিবেকানন্দ কালচারাল ফোরামের শিল্পীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা প্রতিবেদন পাঠ, বক্তব্য ও আবৃত্তির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরেন।
ফোরামের সম্পাদক তথা শিক্ষক ও তবলা বাদক পঞ্চানন ব্যানার্জী বলেন, “নেশা আমাদের সমাজে এক অশনিসংকেত। নেশা ত্যাগ না করলে সুস্থ ও সুন্দর সমাজ গড়া সম্ভব নয়।”
পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান ফোরামের সাংস্কৃতিক সম্পাদক আলাপন ব্যানার্জী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সাধারণ মানুষও এই সচেতনতা কর্মসূচিকে সমর্থন জানান।
আয়োজকদের বার্তা—আসুন, আমরা সকলে শপথ নিই, মাদকমুক্ত এক সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলব। এটাই হোক আমাদের নৈতিক দায়িত্ব।

TAGS

সম্পর্কিত খবর