নির্ভীক বাংলা , বসিরহাট:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধার্থ। প্রচারের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিয়ে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিন মমিনপুর এলাকায় প্রচারে গিয়ে প্রার্থী লক্ষ্য করেন, টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক খাল দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে অভিযোগ ওঠে স্থানীয়দের তরফে।
এরপরই তিনি মাইক হাতে শুধুমাত্র রাজনৈতিক প্রচারে সীমাবদ্ধ না থেকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা দেন। জমে থাকা জল দ্রুত সরানো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, সময়মতো নিকাশি ব্যবস্থা ও খাল সংস্কার করা হলে এই পরিস্থিতি এড়ানো যেত।
প্রার্থীর সঙ্গে এদিন স্থানীয় দলীয় কর্মী-সমর্থকরাও প্রচারে অংশ নেন এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন।
এলাকার বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ভোটের সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর জুড়েই এই ধরনের জনস্বাস্থ্য সচেতনতা চালানো উচিত। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রচারের পাশাপাশি ডেঙ্গির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।




