নির্ভীক বাংলা,আসানসোল: মহাশিবরাত্রির দিন রাজ্যজুড়ে ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ-এর বিভিন্ন জেলায় এই ক্যাম্পে প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়া হচ্ছে। সকাল থেকেই বহু মানুষ ক্যাম্পে ভিড় জমিয়েছেন, দেখা গেছে দীর্ঘ লাইন।
এই ক্যাম্পগুলিতে ‘যুব সাথী’ প্রকল্প ছাড়াও কৃষিশ্রমিক ভাতার ফর্ম এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন স্তরের ফর্মও দেওয়া হচ্ছে। সরকারি উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পগুলিতে যুবক-যুবতী ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের বক্তব্য, সরকার যে দলেরই হোক না কেন, যদি প্রকল্পের সুবিধা পাওয়া যায় তবে তা গ্রহণ করবেন। তাঁদের কথায়, রাজনৈতিক পরিচয়ের চেয়ে সুবিধা পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
তবে কিছু যুবকের মত, ভাতা দেওয়ার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা বেশি প্রয়োজন, যাতে কাজের জন্য অন্য রাজ্যে যেতে না হয়।
রাজ্য সরকারের দাবি অনুযায়ী, ‘যুব সাথী’ প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এই সহায়তা সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ বছরে ১৮ হাজার টাকা এবং পাঁচ বছরে মোট ৯০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলতে পারে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই বিশেষ ক্যাম্প চলছে। ফর্ম পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সরকার আগেই ঘোষণা করেছিল, প্রকল্পটি ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। পাঁচ বছর পর প্রকল্পের পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





